দেশের রাজনীতির মাঠে উদ্ভূত পরিস্থিতি ও ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় জনগণকে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে ফ্যাসিবাদকে প্রতিহত ও রুখে দেওয়ার কথা জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।’
তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।’
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত কর্মসূচি নিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, ‘জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দিবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না।’
জামায়াত যেসব কর্মসূচি পালন করবে:
২১ নভেম্বর: বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
২৫ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
২৬ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৩০ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
২ ডিসেম্বর: পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
মহান বিজয় দিবস ঘিরে আয়োজন:
১৫ ডিসেম্বর: ঢাকায় আলোচনা সভা।
১৬ ডিসেম্বর: রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজন করা হবে।
৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।
TCV/- জাতীয়

















