মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ডালিম মিয়া, শরিফুল মিয়া ও জাহিদুল মিয়ারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন ইউএনও। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন।
এর আগে গত ১৬ তারিখ দুপুর ১২ ঘঠিকার সময় ডালিম মিয়া ও শরিফুল মিয়ার বাড়ি নদীতে তলিয়ে যায় । বাড়ি ঘর নদীতে তলিয়ে যাওয়ার সেই দৃশ্য ও দুই পরিবারের ভিটেমাটি হারানোর বাস্তবতা স্যোশাল মিডিয়ায় দেশবাসীর সামনে তুলে ধরে সংবাদ ভিত্তিক নিউজে পোর্টাল “দ্যা ক্যাম্পাস ভিউ” সেই ভিডিও প্রকাশ করার পর তা উপজেলা প্রশাসনের নজরে আসায় ভুক্তভূগী দুই পরিবারের পাশে দাঁড়ান তারা ।
স্থানীয় শিমুল মিয়া ও আবদুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক সহায়তার পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ নেওয়া জরুরি। ঝুঁকিপূর্ণ এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে পাঁচটি গ্রামের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।
ইউএনও বিপুল সিকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সরকারি সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি খাসজমিতে ঘর নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
TCV/- রাজনগর













