দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার পর রাজধানীতে এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ব্যক্তির সম্ভাব্য আশ্রয়স্থল চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। শিগগিরই শুরু হবে চিরুনি অভিযান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় জড়িত থাকার পর অনেকে ঢাকায় এসে আত্মগোপন করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান সম্পর্কে জানতে চাইলে নিয়াজ মেহেদী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছেন কিংবা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
রাজধানীতে নাশকতা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তৎপরতার লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রসঙ্গে নিয়াজ মেহেদী বলেন, কেপিআই হিসেবে চিহ্নিত স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী এসব স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
তিনি আরও জানান, সাইবার স্পেসেও পুলিশের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে একই এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
TCV/- ঢাকা












