সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল নুরুল ইসলামের মরদেহ। মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া গেছে। ওই বাসায় নুরুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। নুরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর জানা যাবে।
TCV/- সিলেট







