বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল বের করতে হল থেকে বের হন। এ সময় অপর পক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। মিছিল শেষে হলে ফেরার পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু। তিনি অভিযোগ করেছেন, প্রতিপক্ষের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছে। হামলায় তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলে তিনি দাবি করেন।
অপরদিকে, অপর পক্ষের নেতা তায়েফ মাহমুদ দাবি করেছেন, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মিজুর অনুসারীরা প্রথমে হামলা চালায়। এতে তাদের পক্ষের সিফাতসহ কয়েকজন আহত হন।
তায়েফ মাহমুদ আরও বলেন, গত কয়েকদিন ধরে হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, হামলার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। সিসিটিভি ফুটেজ দেখে যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা যাবে না।
TCV/- বাকৃবি
















