মৌলভীবাজারের রাজনগরে বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ, ১১ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রথম ধাপে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল,উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত জুলাই মাসের বন্যায় উপজেলার কামারচাক ও টেংরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগে অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও তাদের পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যা প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। সরকারি সহায়তার মাধ্যমে পরিবারগুলো যেন ঘরবাড়ি মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেটিই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
TCV/- রাজনগর














