কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সভার ভিডিও প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি উঠলেও পুলিশ জানিয়েছে, সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে।
সুনামগঞ্জের পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে রনজিত সরকার উপস্থিত হয়ে বক্তব্য দেন। এ ঘটনায় আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সভার স্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে নতুন ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
তবে সভাটি নিয়ে এর আগে ভিন্ন তথ্য দিয়েছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। সোমবার তিনি জানিয়েছিলেন, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলেও তিনি কল ধরেননি।
এদিকে, রিসোর্টটির ফেসবুক পেজে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও মঙ্গলবার রাতে সেটি বন্ধ পাওয়া যায়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে সভার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। ভিডিওটি প্রকাশের পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার ধরে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শে।খ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম দেওয়া ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। এর মধ্যে কিছুদিন তিনি যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।
TCV/- সিলেট














