পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিকে ঘিরে মৌলভীবাজারের রাজনগরে ভোররাতে ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান এবং পৃথক দুটি স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখার ঘটনা ঘটেছে।
১০ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের রাজনগর অংশের একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে একই রাতে রাজনগর উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় সড়কের পাশে থাকা দুটি বড় আকাশমণি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এর মধ্যে চাটুরায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এবং নন্দীউড়ায় মৌলভীবাজার-সিলেট সড়কে গাছ ফেলে রাখার ঘটনা ঘটে। এতে দুই সড়কেই যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে চাটুরা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে দুটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় গাছ দুটি অপসারণ করা হয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং সৃষ্ট যানজট নিরসন করা সম্ভব হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাগুলো পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।











