মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১০ নভেম্বর(সোমবার) সকালে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম মামুনি খাড়িয়া (১৯)। সে ওই ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের রবি খাড়িয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় , গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আরও বলেন, হয়ত তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।












