কোমর বেঁধে দুর্নীতিতে নেমেছেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: তোফাজ্জল আলী। শিক্ষাগুরুর এমন অনৈতিক কাজে হতবাক জেলার সচেতন মহল, রাজনীতিবীদ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা যায়, প্রফেসর মো: তোফাজ্জল আলী সেপ্টেম্বর মাস থেকে অবৈধভাবে অধ্যক্ষের বাস ভবনে থাকছেন। ভুয়া বিল করে টাকা আত্মসাৎ, অধ্যক্ষের কক্ষে বিলাসবহুল ডেকোরেশন ও ফার্ণিচার ক্রয়, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, কলেজের মালামাল বাসায় ব্যবহার, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, কর্মচারীদের চাকুরি খাওয়ার হুমকি, নিয়ম বহির্ভুতভাবে বিজ্ঞান ভবনে অধ্যক্ষের কার্যালয়, ভারপ্রাপ্ত হয়ে নেইম প্লেইট ও চিঠিতে অধ্যক্ষ লেখা ও আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে সেই অধ্যক্ষের বিরুদ্ধে। ২ মাসের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।
জানা যায়, প্রফেসর মো: তোফাজ্জল আলী চলতি বছরের ৩ মে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেন। সেই দিন তৎকালীন অধ্যক্ষ ড. আবু ইউসুফ মো. শেরুজ্জামান বদলি হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতিতে বেপরোয় হয়ে উঠেন অধ্যক্ষ তোফাজ্জল।
সরেজমিন প্রতিবেদক সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯.১০ মিনিটে অধ্যক্ষের বাস ভবনে গিয়ে দেখতে পান আয়া জাহানারা বেগম জানু টেবিলে নাস্তা নিয়ে অধ্যক্ষের জন্য অপেক্ষা করছেন। অধ্যক্ষ কোথায় আছেন জানতে চাইলে জাহানারা বলেন, স্যার ওয়াশরুমে। কিছুক্ষণ পর অধ্যক্ষ ওয়াশরুমে থেকে বের হয়ে প্রতিবেদককে বলেন, অফিসে গিয়ে বসেন, আমি আসতেছি। এসময় অধ্যক্ষের বাসায় প্রতিবেদক বিজ্ঞান ভবনের ফ্রিজ ও বুক সেলফ দেখতে পান। সূত্র জানায়, বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই বিল কলেজ ফান্ড থেকে পরিশোধ করা হয়। এমনকি উনার খাবারের বাজারও কলেজ ফান্ডের টাকা দিয়ে কেনার অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৪ মে শাওন স্পোর্টস নামে একটি দোকান থেকে ৫০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী কিনা হয়েছে। প্রতিবেদক মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে শাওন স্পোর্টসে গেলে প্রোপ্রাইটর শেখর রায় বলেন, এই তারিখে অথবা এ বছর মহিলা কলেজে আমার দোকান থেকে কোনো মালামাল সরবরাহ করা হয়নি। এটা ভুয়া বিল। নিয়ম বহির্ভূতভাবে এম সাইফুর রহমান বিজ্ঞান ভবনে অধ্যক্ষের কার্যালয় এনে কলেজ ফান্ড থেকে ৭ লক্ষ টাকা ব্যয়ে ডেকোরেশন ও ৪ লক্ষ টাকার ফার্ণিচার কিনেছেন। এখানেও তিনি সাগর চুরি করেছেন বলে সূত্র বলছে। কলেজের গাড়ি নিয়েও একাধিক বার ব্রাক্ষণবাড়িয়ায় নিজের বাড়িতে গিয়েছেন। এছাড়াও সিলেট, শ্রীমঙ্গল ও জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে ও ব্যক্তিগত কাজে নিয়মিত সরকারি গাড়ি ব্যবহার করেন।
গবেষনাগারের সরঞ্জামাদি সাথী সাইন্টিফিক ষ্টোর নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার ৭’শ ৭৫টাকায় কিনেছেন বলে বিল পরিশোধ করলেও এক টাকার মালও কলেজে দেয়া হয়নি। ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষায় ৩’শ ৩৩ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকার জায়গায় ৪০০ টাকা করে নেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে যোগদানের পূর্বে প্রফেসর মো: তোফাজ্জল আলী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক ছিলেন। সেখানে থাকাবস্থায় ২০২৪ সালে আওয়ামীলীগ ঘরানার প্যানেল থেকে সিলেট বিভাগের সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ফ্যাসিস্টদের সাথে নানা কর্মকান্ডে সম্পৃক্ত থাকার প্রমাণাদিও রয়েছে প্রতিবেদকের কাছে।
বিগত বার্ষিক মিলাদের দাওয়াত চিঠিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েও ‘অধ্যক্ষ‘ ব্যবহার করেছেন এবং অধ্যক্ষের কার্যালয়ের নেইম প্লেইটে অধ্যক্ষ লেখা রয়েছে। এনিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে।
এদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উৎপল সাহা’কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট উন্নয়ন মেরামত ও ক্রয় ব্যবস্থাপনা কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নীলাদ্রি শেখর রায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মঈন বখত আনসারী, বাংলা বিভাগের প্রভাষক মো: রাসেল আহমদ ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: লুৎফুর রহমান। আহ্বায়ক ও সদস্য মো: রাসেল আহমদ দায়িত্ব থেকে নিস্ক্রিয়। সূত্র বলছে, আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা না মানায় তারা নিস্ক্রিয় হয়ে পড়েছেন।
অধ্যক্ষের এমন অনিয়ম ও দুর্নীতিতে ভেঁঙ্গে পড়েছে কলেজের পাঠদানও।
নাম গোপন রাখার শর্তে একাধিক কর্মচারী বলেন, “স্যার যেকোনো বিষয় নিয়ে আমাদের সাথে উত্তেজিত হন। কথায় কথায় চাকুরি খাওয়ার হুমকি দেন।”
উন্নয়ন কমিটির সদস্য ও বাংলা বিভাগের প্রভাষক মো: রাসেল আহমদ বলেন, “আমার পারিবারিক ব্যস্থতা থাকায় উন্নয়ন কমিটির কাজে সময় দিতে পারছি না। তাহলে কি আপনি লিখিতভাবে অব্যাহতি চেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উৎপল সাহা বলেন, “জুনে এক মাসের প্রশিক্ষণে থাকায় কাজে সম্পৃক্ত হতে পারিনি। তবে আমি মৌখিকভাবে বলেছি আমাকে না রাখার জন্য।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: তোফাজ্জল আলী বলেন, “সরকারি নির্দেশনা ছাড়া এভাবে অধ্যক্ষের বাসভবনে থাকা ঠিক হয়নি। তবে বিগত ৩ মাসের ভাড়া সরকারি কোষাগারে জমা দেব। সরকারি মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজে সুস্থ্য না থাকলে কলেজ চালাব কিভাবে? এজন্য এগুলো ব্যবহার করছি। আওয়ামীলীগ প্যানেলের সাথে নির্বাচনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
TCV/- মৌলভীবাজার












