মৌলভীবাজারের কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ের দিন বরপক্ষের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিয়ের সব আয়োজন সম্পন্ন করে বরযাত্রীদের আপ্যায়নের প্রস্তুতি নেওয়া হলেও নির্ধারিত সময়ে বরপক্ষ উপস্থিত হয়নি। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।
গত শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী খয়রুন বেগম (৩৫) ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। তিনি ওমান প্রবাসী।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী (৪০)-এর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন বলে অভিযোগ করেছেন তিনি।
প্রায় এক মাস আগে দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বরপক্ষ কনের বাড়িতে গেলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
কনের অভিযোগ, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়নসহ রান্নাবান্না ও আনুষঙ্গিক কাজে প্রায় ২ লাখ টাকা খরচ করা হয়। কিন্তু ২০ নভেম্বর দুপুর পর্যন্ত বরপক্ষ না আসায় যোগাযোগ করা হলে তারা মোটরসাইকেল কেনার জন্য যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দাবি করে। ওই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কনের বড় ভাই মইন উদ্দিন বলেন, তাঁর বোনকে বিয়ের দিন বধূ সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়েছেন, কিন্তু যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় সামাজিকভাবে বিব্রত হয়ে তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন।
তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তাঁর দাবি, তাঁরা কোনো যৌতুক নেননি; বরং তাঁর ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নিয়েছেন। ওই নারী ও তাঁর ভাইয়ের মধ্যে প্রবাসে সম্পর্ক ছিল এবং ওই নারীর আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাঁর ভাই সম্পর্ক গড়েছিলেন বলেও দাবি করেন তিনি।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরেছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাঁকে জানিয়েছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
TCV/- কমলগঞ্জ













