সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন, ৩টি জেনারেটর অকার্যকর করা হয়েছে। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বালির হাওর ও নাইন্দার হাওরসহ মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়াইনঘাটের পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
TCV/- সিলেট













