ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহীন মিয়া (২৯) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় উমর আলী (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ঘটনার ২ সাপ্তাহ পর গত ১৫ নভেম্বর রাতে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উমর আলী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর পলাতক আসামি।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শাহীন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি এলাকার বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার আগে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা শাহীন মিয়াকে সন্দেহ করে তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করেন। এ সময় শাহীন প্রতিবাদ করলে আসামিরা তাঁর ওপর ক্ষিপ্ত হন।
এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় বিজয়নগর থানার হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর পলাতক আসামি উমর আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন এলাকায় আসামিদের করাতকলের সামনে শাহীনকে একা পেয়ে পথরোধ করে আটক করা হয়।
পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, লোহার শাবল, দা ও কাঠের রুলসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে তাঁকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকার রামপুরা এলাকার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে শাহীন মিয়া মারা যান।
TCV/- ব্রাহ্মণবাড়িয়া













