মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্য্যের বসতবাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় তারা ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর রাজনগর থানা পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইসতিয়াক আহমদ ও হাছান আলী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ ঘটনায় রাজনগর থানায় ২৫ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-২০, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়। মামলাটি রাজনগর থানার অফিসার ইনচার্জ জনাব এনামুল হক চৌধুরী তদন্ত করছেন।
লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
TCV/- রাজনগর







