দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় অবাধে ঘুরে বেড়ানো ছেড়ে দেওয়া গরুর কারণে জনদুর্ভোগ বাড়ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব গরু আটক করেছে পৌর কর্তৃপক্ষ। পরে গরুগুলোকে পৌরসভার হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, গরুগুলো প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় বিচরণ করে। অনেক সময় বাসাবাড়িতে ঢুকে গাছপালা ও বাগানের ক্ষতি করে। ব্যস্ত সড়কে উঠে যান চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। এছাড়া সবজি বাজারে ঢুকে বিক্রির জন্য রাখা বিভিন্ন সবজি নষ্ট করার অভিযোগও রয়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়ে উঠেছে শহরের ডাস্টবিনগুলো। খাবারের সন্ধানে গরুগুলো ডাস্টবিনে মুখ ঢুকিয়ে ময়লা-আবর্জনা চারদিকে ছড়িয়ে দেয়। এতে শহরের পরিচ্ছন্নতা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান মৌলভীবাজার টিভিকে জানান, “অবাধে ঘুরে বেড়ানো এসব গরুর কারণে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই জনস্বার্থে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে পৌরসভার হেফাজতে নেওয়া হয়েছে। গরুগুলোর মালিকদের যোগাযোগ করতে বলা হয়েছে। তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় মুচলেকা নিয়ে গরুগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, শহরের শৃঙ্খলা, জননিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
TCV/- শ্রীমঙ্গল






