মৌলভীবাজারে প্রথম জিও ইকো ব্রিকস কারখানার উদ্বোধন • পোড়া ইটের বিকল্প প্রযুক্তিতে শিল্পায়নের সম্ভাবনা • বিনিয়োগে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
“কোটি কোটি টাকা খরচ করে শুধু দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করলেই জেলার উন্নয়ন হবে না। এমন বিনিয়োগ প্রয়োজন, যা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, শিল্পায়নের পথ খুলে দেবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।”
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এভাবেই জেলার প্রবাসীদের উদ্দেশে শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান। তাঁর মতে, উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব শিল্পই হতে পারে আগামী দিনের মৌলভীবাজারের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি।
সোমবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘জিও ইকো ব্রিকস’-এর উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, “মৌলভীবাজারে অনেক প্রবাসী রয়েছেন, যারা কোটি কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেন। কিন্তু বছরের পর বছর সেই বাড়িগুলো খালি পড়ে থাকে। আবার অনেকে শহরে বড় বড় ভবন ও মার্কেট নির্মাণ করে ভাড়ার আয় করেন। কিন্তু শিল্পখাতে বিনিয়োগে তেমন আগ্রহ দেখা যায় না। এই প্রবণতা বদলাতে হবে। জেলার উন্নয়ন কেবল ভবন নির্মাণে নয়, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।”
তিনি বলেন, “প্রচলিত ইট উৎপাদনে কৃষিজমির উর্বর মাটি কাটা হয়, কয়লা পোড়ানো হয় এবং চুল্লির ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। অর্থাৎ একটি ইট তৈরির জন্য পরিবেশের তিনটি বড় ক্ষতি করা হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারও দীর্ঘদিন ধরে ইটভাটা নিয়ন্ত্রণে কাজ করছে। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “জিও ইকো ব্রিকসের মতো উদ্যোগ সময়ের দাবি। উন্নত বিশ্বে বহু আগ থেকেই এ ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বাংলাদেশেও ঢাকা ও মানিকগঞ্জে এ ধরনের ব্লক উৎপাদিত হলেও মৌলভীবাজারে এটিই প্রথম। পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি হওয়ায় এই ব্লক পোড়া ইটের তুলনায় অধিক মজবুত, অধিক টেকসই এবং পরিবেশের জন্য নিরাপদ।”
যুক্তরাজ্য প্রবাসী উদ্যোক্তা জাকির হোসেনের প্রশংসা করে তিনি বলেন, “এই শিল্প প্রতিষ্ঠান শুধু একটি কারখানা নয়; এটি মৌলভীবাজারের শিল্পায়নের নতুন সম্ভাবনার সূচনা। আমি জেলার প্রবাসী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই—বিলাসবহুল বাড়ি নির্মাণের পাশাপাশি শিল্প-কারখানা গড়ে তুলুন। এতে হাজারো মানুষের কর্মসংস্থান হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, “মৌলভীবাজার শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব জেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল। তাই প্রবাসীদের নিজ জেলায় শিল্পে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানাচ্ছি।”
জিও ইকো ব্রিকসের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সোহাগের সভাপতিত্বে এবং নাট্যকার শাহীন ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সদস্য মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো.বদরুল আলম,বর্তমান সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠির শেষে অতিথিরা কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের এই উদ্যোগকে মৌলভীবাজারের শিল্পায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে অভিহিত করেন।







