মৌলভীবাজার জেলা শহরের প্রবেশমুখে অবস্থিত বড়হাট খেয়াঘাটে ফুটওভার ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের পথে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এলাকাবাসীর আবেদনপত্রে তাৎক্ষণিক সুপারিশ করেছেন।
স্থানীয় তিন আবেদনকারীর পক্ষ থেকে দেওয়া আবেদনের গুরুত্ব বিবেচনা করে এমপি নাসের রহমান আবেদনপত্রে নিজ হাতে “Foot Over Bridge” উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে ফরওয়ার্ড করেছেন। তাঁর এই উদ্যোগে বড়হাট খেয়াঘাটে নিরাপদ পারাপারের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার সাধারণ মানুষের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এলাকার পক্ষে মো. শাকিল আহমদ, রাসেল আহমদ (৭নং চান্দনীঘাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক) এবং হাসান আহমদ (মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক) সংসদ সদস্য এম নাসের রহমানের হাতে আবেদনপত্র তুলে দেন।
আবেদনে উল্লেখ করা হয়, বড়হাট খেয়াঘাট মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ পথচারী এই ঘাট দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী কোনো সেতু বা ফুটওভার ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে পারাপারে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ে।
জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এমপি নাসের রহমান দ্রুত পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করেন। তাঁর এই সুপারিশ স্থানীয় মানুষের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল রহিম রিপন উপস্থিত ছিলেন। তিনি বড়হাট খেয়াঘাটে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
পরে একই দিন বিকেলে আবেদনকারীরা মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদনের অনুলিপি প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আবেদনকারী মো. শাকিল আহমদ বলেন, “বড়হাট খেয়াঘাটে ফুটওভার ব্রিজ নির্মাণ কোনো ব্যক্তি বা দলের দাবি নয়, এটি হাজারো মানুষের নিরাপদ চলাচলের দাবি। সংসদ সদস্য এম নাসের রহমান বিষয়টি গুরুত্ব দিয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে সুপারিশ করেছেন। আমরা আশা করছি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, বড়হাট খেয়াঘাটে একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মিত হলে মৌলভীবাজার শহরের প্রবেশমুখে যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও আধুনিক হবে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
এই মাত্র পাওয়া
ফুটওভার ব্রিজ নির্মাণে জনদাবির আবেদনে এমপি নাসের রহমানের তাৎক্ষণিক সুপারিশ,
-
মৌলভীবাজার প্রতিনিধি:
- প্রকাশিত: ১২:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 7
জনপ্রিয়







