রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারের ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি (এইচআরডিএস), মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (২৩ মে) বিকেল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অলি আহমদ মাহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাবের আহমদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমিরুন নেসা আলো, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম-এর সভাপতি হোসাইন আহমদ এবং বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক কামরান আলম, কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান রাহি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে এসব অপরাধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশে প্রতিনিয়ত এ ধরনের নৃশংস ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। মূলত কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও মাদকের বিস্তারই সমাজকে এমন অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
বক্তারা অতীতে এসিড নিক্ষেপের মতো জঘন্য অপরাধ দমনে সরকারের কঠোর ও সফল পদক্ষেপের দৃষ্টান্ত টেনে বলেন, প্রশাসন যদি রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তবে আর কোনো শিশুকে এভাবে প্রাণ হারাতে হবে না।












