মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজপথে সমাবেশ-মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের কেন্দ্রবিন্দু চৌমুহনায় এই দাবিতে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক সবুজ শর্মা ও পূজা দেব। এছাড়াও শাহমোস্তফা কলেজ, রাজনগর সরকারি কলেজ, কমলগঞ্জ উপজেলা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খছরু চৌধুরী।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মৌলভীবাজার প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা হলেও এখানকার ২২ লক্ষাধিক মানুষ শিক্ষা ও স্বাস্থ্য অধিকার থেকে চরমভাবে বঞ্চিত। স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পার হলেও এখানে সরকারি কোনো মেডিকেল কলেজ বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।”
বক্তারা আরও উল্লেখ করেন, জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি বর্তমানে নানাবিধ সংকটে জর্জরিত। উন্নত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে গুরুতর রোগীদের সিলেট বা ঢাকায় রেফার করা হয়, যা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। অন্যদিকে, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের জেলার বাইরে যেতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে দ্রুততম সময়ের মধ্যে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নির্মাণসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির জোর দাবি জানানো হয়।













