কুশিয়ারার দানবাকৃতি বাঘাইড়ের বাজারদর ২ লাখ ৬০ হাজার
মাছের মেলায় এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে আয়োজিত মাছের মেলায় দর্শনার্থীদের ভিড় কার্যত থামিয়ে দিয়েছে একটি বিশাল আকৃতির বাঘাইড় (আইড়) মাছ। প্রায় ৬০ থেকে ৬৫ কেজি ওজনের এই মাছটির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।
শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরা পড়া বিপন্ন প্রজাতির এই বাঘাইড়টি ছিল মেলার সবচেয়ে বড় আকর্ষণ। মাছটি তোলার পর থেকেই দোকানের সামনে ভিড় জমতে থাকে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছেন নদীর এই দানবাকৃতির মাছটিকে।
শনিবার দুপুর থেকে চতুর্থবারের মতো পীরের বাজারে বসে এই মাছের মেলা। মেলায় দেশি মাছের পাশাপাশি বিদেশি ও সামুদ্রিক মাছের সমারোহ থাকলেও দর্শনার্থীদের সব দৃষ্টি ছিল ওই একটিমাত্র বাঘাইড়ের দিকে।
মাছটি মেলায় নিয়ে আসেন শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া। তিনি জানান, কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ার পর তারা সেটি কিনে নেন বিক্রির উদ্দেশ্যে। মেলায় তোলার পর থেকেই লোকজন মূলত মাছটি দেখতেই ভিড় করছেন। তিনি বলেন, মাছটির দাম চাওয়া হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা, তবে শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হবে, সেটিই এখন দেখার বিষয়।
নদীর বুক থেকে উঠে আসা এই বিশাল বাঘাইড় যেন এক দিনের জন্য হলেও পীরের বাজারের মাছের মেলাকে পরিণত করেছে কৌতূহলী মানুষের মিলনমেলায়।