জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের বর্ধিত ফি কমানোর দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০২ নভেম্বর) সকাল ১১:০০ টায় কলেজ ক্যাম্পাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজিব সূত্রধরের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন যে যদি এই ফি কমানো না হয়, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা শুধু ফি কমানোই নয়, একইসঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানবৃদ্ধি করা, ক্লাস রুম সংকট নিরসন, শিক্ষা উপকরণের সংকট দূর করা এবং আবাসন সংকট সমাধান করা।
রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজিউর রহমান সামাদের পরিচালনায় সমাবেশে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি প্রীতম দাস, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।

















