অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘রক্তে রাঙা মাতৃভূমি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার আল-ফালাহ ইসলামী একাডেমি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
বইটির সম্পাদক আশরাফুল ইসলাম আল-আজিম-এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শহর শাখার সদ্য বিদায়ী সভাপতি তারেক আজিজ এবং জেলা দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে লেখকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ লেখক মুশতাক আহমদ শাফিয়ান। তিনি তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন:
”‘রক্তে রাঙা মাতৃভূমি’ কেবল কিছু শব্দের সমষ্টি নয়; এটি ইতিহাসের জীবন্ত সাক্ষ্য ও ত্যাগের গৌরবগাথা। সাহিত্য জাতির বিবেক ও সময়ের দর্পণ। আমরা এই গ্রন্থে ইতিহাসের বেদনা ও চেতনার অগ্নিশিখাকে শব্দে রূপ দেওয়ার চেষ্টা করেছি, যাতে আগামী প্রজন্ম ত্যাগের মর্যাদা বুঝে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, কলেজ সম্পাদক তারেক রহমান, সাবেক উপজেলা সভাপতি আলমগীর হোসাইন এবং বর্তমান উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ার। এছাড়াও স্থানীয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সাহিত্য অনুরাগী পাঠকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
যৌথ এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছেন ১৫ জন প্রতিভাবান লেখক। তারা হলেন:
আশরাফুল ইসলাম আল-আজিম, মুশতাক আহমদ শাফিয়ান, ফাতেমা আক্তার শ্যামলী।
মোঃ সোহরাব হোসেন খান, নুরুল ইসলাম রোহিন, সাবিহা নাজনীন চাঁদনী।
আজিজ ইবনে গণি, নূর নাবীল খান মিঠু, ইয়াসমিন আক্তার।
মোঃ সাগর খান, মোঃ শরিফ উদ্দিন, সৃজনী আচার্য নীলা।
মোঃ মনজুরুল হক, মোঃ নিরব হাসান ও কানিজ ফাতেমা ডালিয়া।
দেশ গড়ার আহ্বান
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও জাতি গঠনে সাহিত্যের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সুস্থ ধারার জ্ঞানচর্চা ও কলম সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাব্যগ্রন্থের সম্পাদক ও নির্বাচিত লেখকদের হাতে সাহিত্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত সকলের দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।















