সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বাবনগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি খালি ঘরে প্রবেশ করেন অভিযুক্ত মরম আলী। সেখানে ২০ মাস বয়সী শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে । একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ঘরে ছুটে গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যান।
পরে শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
TCV/- সুনামগঞ্জ











