মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটি থেকে চালককে উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার ছিলেন।
ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা ও নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে দুজন ছিলেন চালক ও হেলপার। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
TCV/- রাজনগর











