টানা বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজনগর উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে দুর্গত বিভিন্ন এলাকায় ছুটে যান জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজনগর উপজেলার একামধু, হরিপাশা, তারাপাশা, উর্খিলা ও কোলাগাঁও বাজারসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
এসময় নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং বন্যার কারণে সৃষ্ট সংকট সম্পর্কে খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও জরুরি প্রয়োজনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করে দুর্গত মানুষের জন্য সরকারি সহায়তা দ্রুত নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, এমপি নাসের রহমানের সঙ্গে পরামর্শক্রমে জেলা প্রশাসনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য শুকনো খাবার বাবদ তাৎক্ষণিক ৩ লাখ টাকা এবং ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি দলীয়ভাবে ইতোমধ্যে সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে আগামীকাল শনিবার জেলা বিএনপির একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে।”
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, “প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। বিএনপি সবসময়ই মানুষের দু:খ দুর্দশায় পাশে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও পাশে থাকবে। ময়ূন বলেন- রাজনগরের বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দি হয়ে কষ্টে আছেন। আমরা মাঠে এসে তাদের বাস্তব অবস্থা দেখেছি, তাদের সমস্যাগুলো শুনেছি এবং মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান এর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “ এ মূহুর্তে দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
আব্দুর রহিম রিপন বলেন, “বন্যার পানিতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর ও দলীয় ভাবে কেন্দ্র থেকে বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। আমরা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখব।” রিপন জানান, এ পর্যন্ত সরকারিভাবে মৌলভীবাজার জেলায় বন্যাদুর্গত এলাকায় জি আর চাল ৯০ মেট্রিক টন,নগদ
টাকা ৫ লক্ষ শুকনা খাবার প্যাকেজ ১৭৫০ ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। নেতৃবৃন্দ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক দাশসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
TCV/










