রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ছয়টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের রাবির ভর্তি পরীক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনসুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
চলতি বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা পাঁচটি বৃদ্ধি করা হয়েছে। এ বছর মোট আসন রয়েছে ৫৬৪টি, যা গত বছর ছিল ৫৫৯টি। এর মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি (গত বছর ৩৬৭টি), বিজ্ঞান শাখার জন্য ১৫৮টি (গত বছর ১৬৬টি) এবং মানবিক শাখার জন্য ৩১টি আসন নির্ধারিত, যা আগের বছর ছিল ২৬টি।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা নির্ধারিত কেন্দ্রগুলোর সামনে উপস্থিত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথসহ কোনো ধরনের মেমোরিযুক্ত ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, আজ এক বেলায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৩০ হাজার ৮৮৬ জন। রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই ছয়টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আল্লাহর রহমতে সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯০ শতাংশের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্য কেন্দ্রগুলোর চূড়ান্ত উপস্থিতির তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণমাধ্যম, স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব সংগঠনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শেষ হলো। এর আগে গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে এবং ‘এ’ ইউনিটের ফল আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে।


















