ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হযরত শাহ খাকী (রহ.) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে গঠিত ‘শাহখাকীয়ান’দের ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৬। বুধবার (১৬ রমজান) বিকেলে জুড়ী কলেজ প্রাঙ্গণে ২০ থেকে ২৬ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মিলনমেলা সম্পন্ন হয়। সময়ের স্রোতে ছাত্ররা বিভিন্ন ব্যাচে বিভক্ত হলেও, মাদ্রাসার সেই চিরচেনা বারান্দার স্মৃতি আর হৃদয়ের টান যে আজও অটুট, তারই প্রমাণ মিলল এই আয়োজনে।
এই মহতী আয়োজনের মূল উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এম. আব্দুল্লাহ। তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় বিভিন্ন ব্যাচের সমন্বয় ঘটিয়ে এই ইফতার মাহফিলটি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় প্রবাসে অবস্থানরত মাদ্রাসা সাবেক শিক্ষার্থীদের প্রতি। যারা ভৌগোলিক দূরত্বকে তুচ্ছ করে আর্থিক ও মানসিকভাবে এই আয়োজনের বড় শক্তি হিসেবে কাজ করেছেন। তাদের এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগকে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে সম্মান জানানো হয়।
আয়োজক কমিটির প্রধান এম. আব্দুল্লাহ জানান, শিক্ষা জীবন শেষ করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও আমাদের শেকড় সেই হযরত শাহ খাকী (রহ.) মাদ্রাসাতেই। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং শাহখাকীয়ানদের এই অটুট বন্ধন মাদ্রাসার কল্যাণে ও আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














