বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এ সময়ে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার মতো ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সারা দেশের মানুষ রাজপথে নেমেছিল। এখন আবার একটি চক্র নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মা-বোনদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে যারা মা-বোনদের সম্মান নষ্ট করেছিল, তারাই আজ এসব অপকর্মে জড়িত। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি যাদের জেলা পর্যায়ে দায়িত্ব দিয়েছেন, তাদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান মঞ্চে উপস্থিত কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।


















