জুলাই বিপ্লব ব্যর্থ করার অপচেষ্টা চলছে: মামুনুল হক
ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেড় হাজারের বেশি মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত সব শক্তি একজোট হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিরোধিতা করার সাহস দেখাতে না পেরে দ্বিচারিতা করছে। তারা প্রকাশ্যে মানুষকে গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেও আড়ালে গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের ভণ্ডামি তিনি দেখতে চান না বলে মন্তব্য করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ও শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।