তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে আকাশপথ অচল, বাতিল ৮ হাজার ফ্লাইট
শীতকালীন শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে আট হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। আর রোববারের জন্য পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
পূর্ব টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা ও কানসাসের কয়েকটি অঞ্চলে ইতোমধ্যেই তুষারপাত হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলই এই শীতকালীন ঝড়ের কবলে পড়তে পারে।
মেরিল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশেরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি চলতি মৌসুমের সবচেয়ে বড় ঝড়। ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পর্যাপ্ত উষ্ণ পোশাক ছাড়া এই ঠান্ডার মধ্যে থাকলে খুব দ্রুত হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে লুইসিয়ানা, মিসিসিপি ও টেনেসির কিছু অংশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় এক ইঞ্চি পর্যন্ত পুরু বরফ জমে গাছের ডালপালা, বিদ্যুৎ লাইন ও সড়ক ঢেকে যেতে পারে। এরই মধ্যে এক ডজনেরও বেশি অঙ্গরাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন অথবা নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছেন।