মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে এসআইয়ের মৃত্যু মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে মারা গেছেন এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়া।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হিট স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জানা গেছে, আলমগীর হোসেন ভূঁইয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ঘাটচেক এলাকায়। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই তাপদাহ অব্যাহত থাকবে।









